স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, ০৭:৪0
৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি
ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে অঁজির বিপক্ষে ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই হতো প্যারিস সেইন্ট জার্মেইনের। কিন্তু টানা চতুর্থ লিগ শিরোপার দিনটা কেবল ড্র দিয়েই কেন থামাবে লুইস এনরিকের শিষ্যরা। দুর্দান্ত ছন্দে থাকা দলটা ঘরের মাঠে পেয়েছে শিরোপা নিশ্চিত করা দারুণ এক জয়। লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে পিএসজি জিতেছে ১-০ গোলে।
ঘরের মাঠে দূর্বল প্রতিপক্ষের গোলমুখে অনেকগুলো সুযোগ তৈরি করলেও কিছুটা হতাশই হয়েছে লুইস এনরিকের দল। দিজিরে দুয়ের ৫৫ মিনিটের গোলটাই অবশ্য ম্যাচের ফল গড়ে দেয়। ওই এক গোলের সুবাদেই পয়েন্ট টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগে সবার আগে লিগ শিরোপা জিতল দলটি।
এই জয়ের মাধ্যমে ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। ফ্রেঞ্চ লিগে সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা।

No comments:
Post a Comment